বিদ্যালয়ের কার্যক্রম প্রাণবন্ত করতে হলে প্রয়োজন যোগ্য শিক্ষক। একজন যোগ্য শিক্ষকের প্রধান বৈশিষ্ট্য হলো - তিনি সক্রিয়। আর সক্রিয় শিক্ষক হতে হলে আপনার যে গুণটি বেশি প্রয়োজন তা হলো - শিক্ষার্থীদের ভালোবাসা। আপনি আপনার শিক্ষার্থীদের যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত শিক্ষকতায় ভালো কোনো অবদান রাখতে পারবেন না।কারণ শিক্ষাদান আপনার হৃদয় থেকে আসতে হবে। আর হৃদয় থেকে কারো জন্য কিছু উৎসর্গ করতে চাইলে তার প্রতি প্রয়োজন গভীর অনুরাগ ও ভালোবাসা।হতে পারে, শিশুদের হট্টগোল, চেচামেচি, শোরগোল ইত্যাদি আপনার সহ্য হয়না। তারপরও ভাগ্যক্রমে চলে এসেছেন শিক্ষকতায়। এখন কী করে শিশুদের প্রতি আপনার মনের আকর্ষণ জাগিয়ে তুলবেন তা নিয়েই আজকের আলোচনা।
১. নিজের শৈশবের কথা স্বরণ করুনঃ
আপনি যখন ছোট্ট শিশু ছিলেন কী করতেন ভাবুন। ফিরে যান আপনার শৈশবের অবগাহনে।স্কুলের স্মৃতি, বাল্যবন্ধু ও সহপাঠীর সাথে শ্রেণিতে সময় কাটানোর ক্ষেত্রে আপনার আচরণ কেমন ছিল ভাবুন। বুঝতে পারবেন শিশুরা কী করে থাকে। আশা করি, আপনার ভেতরে তৈরি হবে শিশুদের প্রতি সহনশীলতা।
২. নিজের ছোট্ট ভাইবোন বা সন্তানের কথা চিন্তা করুনঃ
আপনার ছোট্ট ভাইটি,বোনটি বা সন্তানটি বাড়িতে অনেক দুষ্টুমি করে। তাকে আপনি অনেক কৌশলে পরিচালনা করে থাকেন। তার প্রতি একদম চটে যান না।তাকে কত ভনিতা করে ফুসলিয়ে কন্ট্রোল করেন। অথচ স্কুলের শিশুরা একটু হৈচৈ করলেই আপনার মেজাজটা চরম পর্যায়ে পৌঁছে যায়। আপনি ধৈর্য ধরতে পারেন না । আপনার আবেগকে আরো উদার করুন।আপনি স্কুলের শিশুদের মুখে নিজের সন্তানের প্রতিচ্ছবি দেখার চেষ্টা করুন। তাদের নিজের সন্তান ভাবতে থাকুন। ধীরে ধীরে শিশুদের প্রতি আপনার ভালো লাগা তৈরি হয়ে যাবে।
৩. দেশ ও দেশের মানুষকে ভালো বাসুনঃ
বিভিন্ন মনীষীগণের জীবনীগ্রন্থ পড়ুন। তাতে দেশের প্রতি আপনার অনুরাগ ও ভালোবাসা বেড়ে যাবে। আপনার দেশকে এগিয়ে নিতে চান? দেশ ও জাতির জন্য অবদান রাখতে চান? আর এজন্য কি আপনার পরিবারের সন্তানরা যোগ্য ও দক্ষ হলেই চলব? একটু ভাবুন। আপনার দেশপ্রেম অগাধ হলে সকল শিশু শিক্ষার্থীদের প্রতি আপনার ভালোবাসা ও দায়িত্ব অনেক বেড়ে যাবে।

Comments
Post a Comment